সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

কবি উমাপদ কর-এর কবিতাগুচ্ছ



কবি উমাপদ কর-এর কবিতাগুচ্ছ

১)
ফেলে আসা পোত ও আশ্রয়  



পথেও ঘাট থাকে বন্দর থাকে
পথেও পারাপার…
কড়ি জরুরির চেয়ে
ইচ্ছেটার দমকল ঢং ঢং বেজে যাক,
একেকটা লাইট-হাউসের মায়াবী আলো
মরে আসার আগেই নৌকো সাজাক চলাচলের পা…


রুচিতে চাঁদা মাছের টক স্বাদের জনপদ
রোজ সেখানে হাঁড়িচাচার ইষ্টিকুটুম
একুশটি পাত পাড়ে…
দোলনায় ঘুমোয় পারিবারিক ছবিটির হ্লাদ
তার কপালে চুমু…
দীর্ঘশ্বাস কখনও লম্বা হতে হতে
টিনের ছাপরায় এসে চালকুমড়ো, অযথা ফুল ঝরিয়ে যায়…


পরপর ভুলগুলোকে সাজিয়ে রাজনীতির
ঝুরিভর্তি গ্রামার
আর রামাল্লার তফাৎ যাও তফাৎ যাও চিক্কুর
একটা মানচিত্রের ধ্বনি হতে পারে না…
শাঁপলা ঢাকা পুকুরের স্নেহ
আর আগামী বসন্তে ভাষার ধ্বনি
মানচিত্র নি-রেখা করে দিতে পারে…


মায়ার পেছনে দুটো চোখ
আঁচল কুড়োয়
ভর্তি হয়ে ওঠে কুঁচ আর কুঁড়ি…
হাতপাখা, আজও মাকে ডাকে
ঘর, মা-কে…
নাই বা পেলে হদিস
গৃহ, কবে না অস্থির…



২)
মনাক্কা চুর



তুলো হয়ে উঠছ
অসুখ ছড়িয়ে বিছানা অ্যালবাম হল
ডেটলে কতটুকু রক্তপাতই বা বন্ধ করতে পারো
অনুচক্রিকা হাত পেতে থাকলে…


সাব-ওয়ে দিয়ে নামলে উঠতেই হয়
বাইরে বেরোলে যেমন ঘরের টিকটিকিটা ডাকতেই থাকে
বাথরুমে জল পড়তে থাকা
এখনও শৈশব পেরোতে পারল না
পুষি পোষ মানে, মানে না বেরিয়ে যাওয়ার নির্দেশ…


রোদের রোমে তৈরী উল-বল পায়ের কাছে নাচছে
তে-কাঁটায় বুনে চলেছো শীত
একটু একটু ইন্‌সোমনিয়া
ওষুধেরা পক্ষে বিপক্ষে তর্ক শুরু করে…


বরফের জ্বর মেপে দেখি মরু লজ্জা পায়
বসন্ত উদ্ভেদ
গলা ব্যথাও…



৩)
মাধুকরির কড়ি



অসুখের লিরিক ঘুমের মধ্যে এসে মেশে
ঘুম আশাবরি খেলতে খেলতে
পুরো জ্যোৎস্না শরৎকাল
স্বপ্নের গেরস্থপনায় কেবলই নীল

ফাঁকা ঘরের দস্যিপনায় দেয়ালে ছোপ ছোপ ভয়
আসবাবগুলো আদৌ কখনও কি ছিল
ফুলদানি ঘুমোলে
চিরিক আতরের গোসলে ভুরভুরে সন্ধেবেলা

কোথাও কি শঙ্খের দানা দানা ধ্বনি পড়ে আছে
নাচের মুদ্রায় বুঝি লেগে আছে পায়রার বক বকম
অচেতনও উঠে বসে
ওদের নাচের আসরে আজ সবার নিমন্ত্রন

রাতের একবাটি জ্যোৎস্নাই এখন সকালের সা-রে-গা-মা-পা


শেষরাতের কালপুরুষ বাদামী বৃদ্ধার
পায়ের কাছে
তার কোমরের বেল্টটা খুলে রাখে
রজস্রাবে ভরে যায়
আকাশ চাতাল

তালাশ মুখ ধুয়ে শুপুরি চিবোয়
নগ্ন লিঙ্গ ফেরারি তখন
বিদ্যুতের রেখা চিরে
বালকের ফিতে ক্রিমি
জটিল আকার

দৃশ্যান্তরে যেতে কতটা ময়াল হতে হয়
জানেনা
প্রকৃত নিস্তার

কোন মন্তব্য নেই: